ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজন নিয়ে বিরোধের অবসান ঘটেছে। সমঝোতার মাধ্যমে কলেজের মূল ক্যাম্পাসে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। সেখানে শুধুমাত্র নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, তবে ‘অশ্লীলতা হবে না’ শর্তে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেকের নেতৃত্বে ৭ থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে আয়োজন করা হবে। কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক জানান, ‘অশ্লীলতা হবে না’ এই শর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা একমত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। তিনি জানান, নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এর আগে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের বিরোধিতা করে কওমি ছাত্র ঐক্য পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে জানায়, কলেজ মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না এবং সেখানে শুধুমাত্র নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে, দক্ষিণ ক্যাম্পাসে কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনুষ্ঠানে কারা গান পরিবেশন করবেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
প্রতিনিধির নাম 

























