কুমিল্লার মনোহরগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের উত্তরপাড়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় শ্রমিকরা গাছ কাটতে গিয়ে পুকুরপাড়ে কচুরিপানার নিচে একটি গলিত লাশ ভেসে উঠতে দেখেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রাম থেকে এক চালকের স্বজনরা এসে লাশটি তাদের স্বজনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। নিহতের নানা মুশফিকুর রহমান মানছুর দাবি করেন, লাশটি তার নাতি আরমান হোসেনের (১৫)। তিনি প্রায় দেড় মাস আগে নিখোঁজ হন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, আরমান নামের ওই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া লাশটি আরমানের কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, লাশটি এক মাসেরও বেশি সময় ধরে চাপা অবস্থায় ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।
লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধির নাম 























