হারিয়ে যাওয়া বা চুরি হওয়া আইফোন বন্ধ থাকলেও ব্যবহারকারীরা সেটির অবস্থান শনাক্ত করতে পারেন। অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থায় কিছু সেটিংস আগে থেকেই চালু রাখলে ফোন বন্ধ হয়ে গেলেও নির্দিষ্ট সময় পর্যন্ত তার অবস্থান জানা সম্ভব।
ব্যবহারকারীদের ‘ফাইন্ড মাই’ মেনুতে গিয়ে ‘ফাইন্ড মাই আইফোন’ এবং ‘ফাইন্ড মাই নেটওয়ার্ক’ চালু রাখতে হবে। ফাইন্ড মাই নেটওয়ার্ক আশপাশের অন্য অ্যাপল ডিভাইসের ব্লুটুথ ব্যবহার করে ফোনের লোকেশন বের করতে সাহায্য করে। এছাড়া ‘সেন্ড লাস্ট লোকেশন’ অপশনটি চালু রাখলে ব্যাটারি শেষ হওয়ার আগে ফোনের শেষ অবস্থান অ্যাপলের কাছে পাঠানো হয়।
লোকেশন সার্ভিস এবং ব্লুটুথও চালু রাখতে হবে। ফোনের লোকেশন গত সাত দিনের মধ্যে অন্তত একবার ফাইন্ড মাইতে আপডেট হয়ে থাকাও জরুরি। ফোনের উপরের ডান দিক থেকে নিচে সোয়াইপ করে পাওয়ার আইকন চেপে ধরলে “আইফোন ফাইন্ডেবল আফটার পাওয়ার অফ” লেখা দেখলে বোঝা যাবে, ফোন বন্ধ হওয়ার পরও সেটি শনাক্ত করা যাবে।
আইফোন ১১ বা তার পরের মডেল এবং আইওএস ১৫ বা তার পরের সংস্করণে এই সুবিধা কাজ করে। চার্জ থাকা অবস্থায় ম্যানুয়ালি ফোন বন্ধ করলে প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত লোকেশন শনাক্ত করা সম্ভব। ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে গেলেও আইওএস ১৫.২ বা পরবর্তী সংস্করণে থাকা আইফোন প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত কম শক্তির ব্লুটুথ সিগন্যাল পাঠাতে পারে।
ফোন খুঁজে না পেলে অন্য কোনো অ্যাপল ডিভাইস বা ফাইন্ড মাই ওয়েবসাইট থেকে সেটিকে লস্ট মোডে রাখা যায়। ফোন আবার চালু হলে মালিকের দেওয়া বার্তা লক স্ক্রিনে দেখা যাবে। স্টোলেন ডিভাইস প্রোটেকশন চালু থাকলে লস্ট মোড বন্ধ করতে ফেইস আইডি বা টাচ আইডি লাগবে।
প্রতিনিধির নাম 
























