মীরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মীরসরাই পৌর-বিএনপি বলছে, এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ।
লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় নিশানকে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।
মুহূর্তের মধ্যেই ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিশানের এই পদক্ষেপের প্রশংসা করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ নিয়ে সমালোচনা করছেন।
মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, সরকার মাত্র ৬ মাস হলো দায়িত্বে রয়েছে। কিছু সংকট পূর্বের সৃষ্টি করা, যা সামাল দিতে কিছুদিন সময় দেওয়া উচিত। নিশান বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে তিনি লাল কার্ড প্রদর্শন করেছেন।
তিনি আরও জানান, তার প্রদর্শিত লাল কার্ডের মাধ্যমে কোনো গালি বা অপমান প্রদর্শন করেননি। নিশান বলেন, বিষয়টি বিচার-বিশ্লেষণ করলে সহজেই বোঝা যাবে।
প্রতিনিধির নাম 

























