শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। আহত রোকেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘরের ভেতর কাজ করতে ঢোকেন রোকেয়া বেগম। এ সময় মজুত রাখা ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে রান্নাঘরের টিনের চাল উড়ে যায় এবং আশপাশের দুটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোকেয়াকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রোকেয়ার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা বিস্ফোরণের ফলে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১০ আগস্ট দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং এক বৃদ্ধ নিহত হন। শনিবারের বিস্ফোরণের ঘটনার বাড়ির মালিক ফারুক ছৈয়াল বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, ঘটনাস্থলে বিপুলসংখ্যক ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণের কারণ এবং ককটেলগুলো সেখানে কিভাবে মজুত করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 























