নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বামনী নদীর পাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্লোজার এলাকার কচ্ছপ খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বামনী নদীর পাড়ে ব্লকের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। পরিচয় নিশ্চিত না হওয়ায় তাকে এখনো ‘অজ্ঞাত’ হিসেবেই গণ্য করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহটি অনেকটা ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ৪–৫ দিন আগে মারা গেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
Meghla 

























