প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের জরুরি সংস্কারকাজ শুরু করেছে। এই সড়কটি স্থানীয়ভাবে ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত। প্রায় ১১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কার, আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী কার্পেটিং ও সিলকোটের কাজ করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার এবং সংশ্লিষ্ট এলাকায় সাজসজ্জার কাজও চলছে। এসব কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সড়কটির প্রায় ৭০ শতাংশ সংস্কারকাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কটির সংস্কার কাজ জরুরি ভিত্তিতে করা হচ্ছে। তিনি প্রতিবেদককে বলেন, সড়কটি সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কার্পেটিং ও সিলকোটের কাজ প্রায় শেষের দিকে। আশা করা হচ্ছে, আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরে আসবেন। সফরকালে তিনি তার নানার বাড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। সেখানে পারিবারিক কবরস্থান জিয়ারতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধির নাম 






















