সুনামগঞ্জের তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন ও মজুতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বালুর স্তূপ দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বালুর স্তূপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইউএনও মেহেদী হাসান মানিক বালুর স্তূপটি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বালু জব্দের নির্দেশ দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ইজারাবিহীনভাবে শান্তিপুর নদী থেকে কোটি কোটি টাকার বালু লুট করছে। যদিও মাঝে মাঝে প্রশাসন ও স্থানীয়রা অভিযান চালায়, তবে বালু উত্তোলন বন্ধ রাখা সম্ভব হচ্ছে না।
স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুল নদীতে বাঁশের বেড়া দেওয়ার উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া দাবি করেছেন, বিএনপির কোনো নেতাকর্মী এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, শুক্রবার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় বালু রাখার বিষয়টি তার নজরে পড়েনি। তিনি বালু জব্দের নির্দেশনা দিয়েছেন এবং এর মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রতিনিধির নাম 























