রাসায়নিক সারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে আজ শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন কৃষকরা। তবে ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ব্রাহিমপুর গ্রামের এক কৃষক জানান, তারা সকাল থেকে ডিলারের দোকানের সামনে অবস্থান করছিলেন। সকাল ১০টার পর ডিলারের কর্মচারীরা জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না। এ কারণে তারা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।
প্রতিনিধির নাম 























