অতিরিক্ত কাজের চাপ, কখনও ব্যক্তিগত সমস্যা, কখনও আবার খারাপ খবর দেখে মন খারাপ হয়ে যায়। জীবনে নেতিবাচক চিন্তা থাকেই। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এই ভাবনাগুলো বারবার মাথায় ঘুরতে থাকে। এমন হলে মন খারাপ, দুশ্চিন্তা, এমনকি ক্লান্তিও বেড়ে যায়। সারাক্ষণ যাতে নেতিবাচক চিন্তা মাথায় না থাকে সেজন্য কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-
সক্রিয় থাকুন। আপনি যদি সারাক্ষণ চুপচাপ বসে থাকেন, তাহলে নেতিবাচক চিন্তা আরও বেড়ে যাবে। প্রয়োজনে ঘরেই হাঁটাহাটি করুন, ঘর গোছান বা হালকা ব্যায়াম করুন। তাহলে মন অনেকটাই ফ্রেশ লাগবে।
নিজের পছন্দের কাজ করার চেষ্টা করুন। যেমন-গান শোনা, ছবি আঁকা, রান্না করা বা বই পড়া। এই ধরনের কাজ করলে মন অন্যদিকে চলে যায় এবং ধীরে ধীরে দুশ্চিন্তা কমে। ছোট কোনও কাজ শেষ করলেও নিজের ওপর একটা ভাল লাগা তৈরি হয়।
মোবাইল বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। সারাক্ষণ খবর বা অন্যদের জীবন দেখে তুলনা করলে নিজের মন আরও খারাপ হতে পারে। তাই নির্দিষ্ট সময় ঠিক করে মোবাইল ব্যবহার করুন, অযথা স্ক্রল করা থেকে বিরত থাকুন।

নেতিবাচক ভাবনা মাথায় এলে কারও সঙ্গে কথা বলুন। বন্ধু, পরিবার বা বিশ্বাসযোগ্য কারও কাছে নিজের মনের কথা বললে অনেকটাই চাপ কমে যায়। অনেক সময় শুধু কেউ মন দিয়ে কথা শুনলেই মনটা অনেক হালকা লাগে।
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ধীরে ধীরে শ্বাস নিন, তারপর ছাড়ুন। কয়েক মিনিট এভাবে করলে মন শান্ত হয়।
চাইলেও নেতিবাচক চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে নিয়মিত এই ছোট ছোট অভ্যাসগুলো করলে মন ধীরে ধীরে শক্ত হয় এবং চাপ সামলানো সহজ হয়ে যায়।
মনে রাখবেন, সমস্যা থেকে পালানো নয়, একটু থেমে নিজের মনকে সময় দেওয়া খুব জরুরি। তাহলেই নেতিবাচকতা কমে, আর জীবন অনেকটাই হালকা লাগে।
প্রতিনিধির নাম 






















