ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। যেটিকে নিকোলাস মাদুরো প্রশাসনের ওপর বড় ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। আর কারাকাস এমন কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।
হোয়াইট হাউসে বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এটি একটি বিশাল ট্যাংকার, খুবই বড়।’ এক্সে ট্যাংকার জব্দের ভিডিও প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি লিখেছেন, ‘এটি ক্রুড অয়েল ট্যাংকার। ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল পরিবহন করছিল।’
সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন, তাঁর দেশ কখনোই ‘তেলের উপনিবেশ’ হবে না। বুধবার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের নিন্দা জানিয়ে কারাকাস বলেছে, এটি ‘আন্তর্জাতিক জলদস্যুতা’।
ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতকারী দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক মাস ধরে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তাদের দেশে মাদক সরবরাহের জন্য মাদুরো প্রশাসন দায়ী। অপরদিকে কারাকাসের অভিযোগ, ওয়াশিংটন তাদের সম্পদ চুরির চেষ্টা করছে।

বুধবার অয়েল ট্যাংকার জব্দের খবরে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ব্যাহত হতে পারে ভেনেজুয়েলার তেল রপ্তানিও।
প্রতিনিধির নাম 























