কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা জেলার ভেড়ামারা উপজেলাধীন রাইটা ফেরিঘাট এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না জালের মজুদ থাকার তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি,র প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গত ২ জুলাই বিকাল ৬.৩০ মিনিট হতে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসেন , ভেড়ামারা মৎস্য কর্মকর্তা মোসাঃ শাম্মী শিরিন, এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার),মো জাকিরুল ইসলাম।
উক্ত অভিযানে বিজিবি সদস্যদের সহযোগিতায় রাইটা ফেরিঘাট এলাকা তল্লাশির মাধ্যমে প্রায় ১৫,০০০ কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল, চায়না জাল তৈরির ২টি মেশিন এবং ২টি ব্যাটারি জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লক্ষ ৬০ হাজার টাকা।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলেই জব্দকৃত জাল, মেশিন ও ব্যাটারি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে অংশগ্রহণকারী ৪ জন অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
তিনি আরো উল্লেখ করেন অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
কুষ্টিয়া প্রতিনিধি 











