ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকার পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনালগুলোয় গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে। ঈদযাত্রা কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। লক্কড়-ঝক্কড় বাস চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোয় থাকবে পুলিশের বিশেষ নজরদারি।
তিনি বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে ঢাকার বাসার দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করা উচিত।’ ভ্রমণের সময় নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 




















