পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে গুলি করতে দেখা যাওয়া তুষার মণ্ডল নামে সেই তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তুষার ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জামায়াত ও বিএনপি ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। এরপর থেকে তুষার পলাতক থাকলেও সোমবার সিরাজগঞ্জের সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর ভেলুপাড়ায় বালুর মধ্যে পুঁতে রাখা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, তুষারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
NEWS21 Staff Musabbir 
























