টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেনি পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল তাদের। আজ সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। তবে আগের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আজকের লড়াই নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন পাকিস্তান সমর্থকরা।
পাল্লেকেলেতে এর আগে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ওই পরিত্যক্ত ম্যাচের কারণেই মূলত সুপার এইটে ওঠার স্বপ্ন চূর্ণ হয়েছিল অস্ট্রেলিয়ার। এছাড়া এই মাঠেই সুপার এইটে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির শঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং স্বাগতিকদের ৫১ রানে হারায় ইংলিশরা। তবে আজকের ম্যাচটিও যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়বে।
আকুওয়েদারের তথ্য অনুযায়ী, পাকিস্তান সমর্থকদের জন্য বড় ধরনের কোনো দুঃসংবাদ নেই। আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৬ শতাংশ। বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় ৬৮ শতাংশ।

ম্যাচটি যেহেতু স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে, তাই তখন বৃষ্টির সম্ভাবনা আরও কমে মাত্র ১৩ শতাংশে দাঁড়াবে। আকাশ মেঘে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। সব মিলিয়ে ম্যাচের সময় আবহাওয়া বেশ পরিষ্কারই থাকার কথা। সন্ধ্যায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তাই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই।
সুপার এইটে গ্রুপ-২ এর পয়েন্ট তালিকায় ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড (নেট রান রেট ২.৫৫০)। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহও ১ পয়েন্ট। অন্যদিকে, ১ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা (-২.৫৫০) এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে।
প্রতিনিধির নাম 




















