প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয়। অবরোধ তুলে নিয়ে শাহবাগ ছাড়লেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেন তারা। এর পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে পৌনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট অবরোধের পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হলে কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে। এতে কলেজগুলোর ঐতিহ্য বিনষ্ট হবে।

বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
ঢাকা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।
প্রতিনিধির নাম 










