সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে জন্ম নেয়া সেই নবজাতকের নাম রাখা হয়েছে খালেদা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে শিশুটির পরিবার এই নাম রেখেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসক ওই নবজাতককে দেখতে তাদের বাড়িতে যান এবং উপহার সামগ্রী প্রদান করেন। বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শিশুটির নাম করণ করা হয় এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের দিন সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের প্রত্যন্ত বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে লাইনে দাঁড়ান আম্বিয়া খাতুন (৩৫)। তিনি বেঙনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। লাইনে দাঁড়ানো অবস্থায় তার প্রসব ব্যথা ওঠে। এ সময় স্থানীয় নারীরা বিষয়টি বুঝতে পেরে তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সম্মতিতে নবজাতকের নাম রাখা হয় খালেদা। শিশুটির বাবা শরীফুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আবেগ ও ভালোবাসার নিদর্শন হিসেবে নবজাতকের নাম রাখা হয়েছে খালেদা। তিনি বলেন, ‘এই ঘটনা

দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আমার শিশুটিকে দেখতে আসছে। এতে আমরাও বেশ খুশি।’এদিকে রোববার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বেঙনাই গ্রামে ওই নবজাতককে দেখতে যান। এ সময় তিনি নবজাতক ও প্রসূতি মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে তাদের জন্য নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘একটি প্রত্যন্ত গ্রামে ভোট দিতে আসা এক গর্ভবতী মা যখন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্তান প্রসব করেন, তখন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এই ঘটনাটি যেমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তেমনি এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ জেলা প্রশাসকের পরিদর্শনের সময় সিভিল সার্জন ডা. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
NEWS 21 STAFF RAFI 


















