রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। এর আগে রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।
এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ভর্তি হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। কেবিন, এরপর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে– এ কথা বলা যাবে না। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন।

খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন জানিয়ে তিনি বলেন, তাঁর (খালেদা জিয়া) সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তারেক রহমান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। এই হাসপাতালে ভর্তি কোনো রোগীর চিকিৎসার যেন কোনো ধরনের ব্যাঘাত না হয়, সেজন্য তিনি (তারেক রহমান) দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন।
প্রতিনিধির নাম 



















