উখিয়ায় লোকালয় থেকে ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত
কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সোমবার কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে এ বার্মিজ অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, তাদের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। এর সঙ্গে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লেখ করে কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ করেন আব্দুল মান্নান।
প্রতিনিধির নাম 





















