মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কেরতেহ জেলার একটি পশু খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একজন বাংলাদেশি নাগরিকসহ মোট নয়জন চুক্তিভিত্তিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় দুঙ্গুন হাসপাতালে পাঠানো হয়েছে।
তেরেঙ্গানুর দমকল ও উদ্ধার বিভাগ জোন ২ এর প্রধান, সিনিয়র ফায়ার সুপারিনটেনডেন্ট রোহায়া জামিল এই ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৮ জন অফিসার ও কর্মীকে পাঠানো হয়।

জানা যায়, ঘটনার সময় ২৩ থেকে ৪০ বছর বয়সী ভুক্তভোগীরা কারখানার একটি ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। কাজ করার সময় হঠাৎ করেই তারা শ্বাসকষ্ট অনুভব করেন। প্রাথমিক ধারণা, অ্যামোনিয়া বা মিথাইল মারকাপটান জাতীয় বিষাক্ত গ্যাস নিশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েন।
পরে, কারখানার অন্যান্য কর্মীরা দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যান। এদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জন ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য দুঙ্গুন হাসপাতালে রেফার করা হয়। বাকি তিনজন কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।
সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে গ্যাস স্বাভাবিক মাত্রায় ফিরে আসার পর উদ্ধার অভিযান শেষ হয়। পরিষ্কারের কাজ সম্পন্ন হওয়ার পর ঘটনাস্থলে আর কোনো বিপজ্জনক গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 























