চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে নাজিরহাট হাইওয়ে পুলিশ। তারা জানান, সকালের দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার সকালের দিকে ওই স্থানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। পরে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। খুব ভোরে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বুধবার দুপুর ১২টার দিকে জানান, এখনও পর্যন্ত উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
প্রতিনিধির নাম 



















