দক্ষিণ কোরিয়ায় তেলাপোকা মারতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে গেছে একটি অ্যাপার্টমেন্ট। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং আরও আটজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, ওসান শহরে এক তরুণী দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার জ্বালিয়ে তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। আগেও একইভাবে পোকামাকড় নিধন করতেন তিনি। তবে সোমবারের ঘটনায় স্প্রে ও আগুনের মিশ্রণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাপার্টমেন্টে।
আগুন লাগার পর পাশের ফ্ল্যাটে থাকা এক চীনা দম্পতি জানালা খুলে সাহায্য চাইলে আশপাশের বাসিন্দারা তাদের সন্তানকে নিরাপদে নিচে নামিয়ে নেয়। তবে জানালা বেয়ে নামার সময় স্ত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান।
দম্পতির নবজাতক সন্তান ও স্বামী বেঁচে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, দম্পতি ধোঁয়ার কারণে সিঁড়ি দিয়ে নামতে পারেননি বলেই জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ওই তরুণীর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি চলছে।

ওই ভবনের প্রথম তলায় দোকান ও উপরের তলাগুলোতে ৩২টি ফ্ল্যাট ছিল। দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
সূত্র : বিবিসি
NEWS21 staff Musabbir khan 























