ফরিদপুরের সদরপুর থানার হত্যা মামলার পলাতক আসামি দুই ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।
২১ এপ্রিল, সোমবার রাত ১০টার দিকে সদরপুর থানার এস আই হাসিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাজধানী ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৪ তারিখে উপজেলার সাড়ে সাতরশি বাজারে খুন হয় উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আকন ডাঙ্গি গ্রামের কবির উদ্দিন আকন (৫০)। উক্ত ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামালা নং ২ ধারা ৩০২/৩৪।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, হত্যার পর দীর্ঘ পাঁচ মাস তারা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
রানা অর্ণব, ফরিদপুর 



















